বন্যায় আমতায় চাষের ক্ষতির পরিমাণ ২০ কোটি - The News Lion

বন্যায় আমতায় চাষের ক্ষতির পরিমাণ ২০ কোটি

 


দি নিউজ লায়নঃ  রাজ্যের সাম্প্রতিক বন্যায় উদয়নারায়নপুরের পাশাপাশি আমতা ২ নং ব্লকেও চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর বন্যার জলে বাঁধ ভেঙে ব্লকের ১৪ টি গ্রাম ৬২৪৯ হেক্টর জমির ধান পাট সবজি ও পান চাষে ক্ষতি হয়েছে। ব্লকে যে পরিমাণ চাষের ক্ষয়ক্ষতি হয়েছে তার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। ব্লক কৃষি দপ্তর সূত্রে খবর ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ৪৭১৯ হেক্টর জমির আমন ধানের চারা, ৪৫০ হেক্টর জমির আউশ ধানের চারা, ৩৩০ হেক্টর জমির বীজতলা, ৫৪৫ হেক্টর জমির সবজি, ৫৬ হেক্টর জমির পাঠ, ৯ হেক্টর জমির কচু ও ৬০ হেক্টর জমির পান চাষের ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে ব্লকের ক্ষয়ক্ষতির হিসাব জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।


এই বিষয়ে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান বন্যার জলে ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত এবং জমা জলে ৩টি গ্রাম পঞ্চায়েতের চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান তবে কৃষকদের চিন্তার কোন কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই এলাকার মানুষের পাশে আছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব পর্যালোচনা করা হবে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।


অন্যদিকে আমতা  ২ নং ব্লকের বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। যদিও এখনও গাজীপুর তাজপুর কামারগোড় নওপাড়া প্রভৃতি এলাকায় জল জমে আছে। প্রশাসনের পক্ষ থেকে এইসব জায়গায় বসবাসকারী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.